ব্যাংকের টাকা জমার রশিদ জালিয়াতি করে বেশ কিছু গ্রাহকের লক্ষাধিক টাকা আত্মসাৎ করার অভিযোগ পাওয়া গেছে ইউনাইটেড ফাইন্যান্স লিমিটেডের রংপুর শাখার বিরুদ্ধে।
গ্রাহকদের সঞ্চয়ের টাকা নিয়ে ইউনাইটেড ফাইন্যান্সের অমিতাভ ঘোষ নামে এক কর্মকর্তা ওয়ান ব্যাংকে ফাইন্যান্সের খোলা একাউন্টে তা জমা না দিয়ে আত্মসাৎ করেছেন।
জালিয়াতির পরও ওই কর্মকর্তাসহ জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ না করায় গ্রাহকদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।
এদিকে, রশিদ জালিয়াতির বিষয়টি স্বীকার করলেও এ বিষয়ে আর কোনো তথ্য দিতে রাজি হননি ওয়ান ব্যাংকের কর্মকর্তারা।
গ্রাহকদের অভিযোগে জানা গেছে, গত বছরের নভেম্বর মাসে রংপুরের প্রেসক্লাব এলাকায় ইউনাইটেড ফাইন্যান্সে স্বপন কুমার সরকার, রেবা সরকার ও সুপ্ত জ্যোতি সরকার নামে সঞ্চয়ী হিসাব খোলে। প্রতিমাসে প্রতিষ্ঠানটির ওয়ান ব্যাংকের একাউন্টে টাকা জমা দেয়ার কথা থাকলেও ব্যবসায়িক ব্যস্ততার কারণে টাকা জমা দিতে না পারায় সুপ্ত জ্যোতি সরকারসহ অন্যদের টাকা ওয়ান ব্যাংকে জমা দেয়ার দায়িত্ব নেন ইউনাইটেড ফাইন্যান্সের কর্মকর্তা অমিতাভ ঘোষ।
নির্দিষ্ট সময়ে ওই গ্রাহকদের কাছ থেকে টাকা আদায় করে ওয়ান ব্যাংকের নির্ধারিত জমা বইয়ে স্বাক্ষর ও সিল নকল করে টাকা জমা না দিয়েই তা আত্মসাৎ করেন অমিতাভ।
সঞ্চয়ী হিসেবের খোঁজ নিতে চলতি মাসে প্রতিষ্ঠাটিতে যান গ্রাহকরা। কিন্তু প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, কোনো টাকাই জমা হয়নি তাদের হিসেবে।
এব্যাপারে ইউনাইটেড ফাইন্যান্স লিমিটেড রংপুর শাখা ব্যবস্থাপক ইলিয়াস জাবেদ বাংলামেইলকে বলেন, বেশ কয়েকজন গ্রাহকের কাছ থেকে এমন অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে।
0 comments:
Post a Comment