বিকল্প ব্যবস্থা না হওয়া পর্যন্ত ফুটপাতে বসবে হকারেরা: সাঈদ খোকন


হকারদের পুনর্বাসনের বিকল্প ব্যবস্থা না হওয়া পর্যন্ত তারা ফুটপাথে ব্যবসা করতে পারবে বলে ঘোষণা দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। 
আজ বৃহস্পতিবার পুরান ঢাকার ইসলামবাগ ঈদগা মাঠে ‘জনতার মুখোমুখি জনপ্রতিনিধি’ শীর্ষক জবাবদিহিমূলক অনুষ্ঠানে মেয়র এ ঘোষণা দেন। এই অনুষ্ঠানের আয়োজন করে ডিএসসিসির ২৯ নম্বর ওয়ার্ড। অনুষ্ঠানে এলাকাবাসীর উত্থাপিত নানা অভিযোগের জবাবদিহি করেন সাঈদ খোকন। 
সাঈদ খোকন বলেন, প্রকৃত হকারদের তালিকা প্রণয়নের কাজ চলমান আছে। এটি শেষ হলে হকারদের ব্যবসার জন্য বিকল্প স্থানের ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে এখন সড়ক বন্ধ করে যানবাহন ও জন ভোগান্তি তৈরি করে কোনোভাবেই ব্যবসা করতে দেওয়া হবে না। তিনি বলেন, ইসলামবাগে বন্ধ হয়ে যাওয়া কমিউনিটি সেন্টারের নির্মাণকাজ শিগগিরই শুরু করা হবে। এলাকার অধিবাসীদের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম অবিলম্বে গ্রহণ করা হবে। 
ডিএসসিসির মেয়র বলেন, ডিএসসিসির ২৯ নম্বর ওয়ার্ডে ফ্রি ওয়াই ফাই জোন করা হবে। এলাকার প্রধান সড়ক গুলোতে জননিরাপত্তা নিশ্চিতে সিসি ক্যামেরার আওতায় আনা হবে। আর স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর জায়গার ব্যবস্থা করতে পারলে করপোরেশনের পক্ষ থেকে খেলার মাঠের ব্যবস্থা করা হবে। 
ডিএসসিসির ২৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বিলালসহ ডিএসসিসির বিভিন্ন দপ্তরের প্রধান, ওয়াসা ও পুলিশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
Share on Google Plus

0 comments:

Post a Comment