বহুল আলোচিত রিজাল কমার্শিয়াল ব্যাংকিং করপোরেশনের (আরসিবিসি) ব্যবস্থাপক মায়া সান্তোস দেগুইতোকে সশরীরে হাজির হয়ে নিজের হলফনামা দেওয়ার জন্য সমন জারি করেছেন অ্যাসিস্ট্যান্ট স্টেট প্রসিকিউটর গিলমার ফ্যা প্যাকামারা। একই সঙ্গে ডাকা হয়েছে সেই চার হিসাবধারী মাইকেল ফ্রান্সিসকো ক্রুজ, জেসি ক্রিস্টোফার লেগ্রোসাস, আলফ্রেড সান্তোস ভেরগারা ও এনরিক টিওডুরু ভাসকুইজকে।
অন্যদিকে অ্যান্টি মানি লন্ডারিং কাউন্সিলের (এএমএলসি) প্রতিনিধিকে হাজির হয়েও তাঁদের অভিযোগ দাখিল করতে বলা হয়েছে। এ খবর দিয়েছে সিএনএন ফিলিপাইন।
সিএনএন ফিলিপাইনের খবর অনুযায়ী, গত শুক্রবার অ্যাসিস্ট্যান্ট স্টেট প্রসিকিউটর গিলমার ফ্যা প্যাকামারা এ সমন জারি করেন। প্রাথমিক তদন্তের অংশ হিসেবে এ সমন জারি করা হয়। দুই পক্ষের বক্তব্য শোনার পর হয় মামলা দাখিল করা হবে কিংবা অভিযোগ খারিজ করা হবে।
প্রাথমিক তদন্তের জন্য আগামী ১২ ও ১৯ এপ্রিল সকাল নয়টায় সময় ধার্য করা হয়েছে। মামলা দাখিল করা হলে তা স্বাভাবিকভাবে বিচার বিভাগে আইনি প্রক্রিয়ায় যাবে।
গিলমার ফ্যা প্যাকামারা ফিলিপাইনের গণমাধ্যমকে বলেছেন, যাঁদের বিরুদ্ধে অভিযোগ, তাঁরা যদি নির্দেশ অনুযায়ী হাজির না হন;
তবে বিধান অনুযায়ী মামলা দায়েরের জন্য বিবেচনা করা হবে। তিনি (গিলমার ফ্যা প্যাকামারা) শুধু তথ্য-প্রমাণের ভিত্তিতেই কাজ করবেন।
এদিকে মায়া সান্তোস দেগুইতোর আইনজীবী আতি ফার্দিনান্দ টোপাসিও সিএনএন ফিলিপাইনকে খুদে বার্তায় জানান, তাঁর মক্কেল এ প্রক্রিয়ায় অংশ নেবেন। অর্থাৎ এর মানে হাজির থাকবেন।
অন্যদিকে ফিলিপাইনের ব্যবসায়ী উইলিয়াম সো গো শুক্রবার মায়া সান্তোস দেগুইতো ও তাঁর সহযোগী অ্যাঞ্জেলা রুথ তোরেসের বিরুদ্ধে ভুয়া কাগজপত্র ব্যবহার করে ব্যাংক হিসাব খোলার অভিযোগে মামলা করেছেন। ফিলিপাইনের দৈনিক ইনকোয়ারার এ খবর দিয়েছে।
উইলিয়াম সো গো বলেছেন, ভুয়া কাগজপত্র ব্যবহার করে আরসিবিসির জুপিটার শাখায় তাঁর নামে ব্যাংক হিসাব খোলা হয়েছে। গত ফেব্রুয়ারি মাসে ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্কে রক্ষিত বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের চুরি করার প্রক্রিয়ায় হিসাবটি ব্যবহার করা হয়েছে।
ব্যবসায়ী সো গো আরও অভিযোগ করেন, ভুয়া কাগজপত্র ব্যবহার করে ২ কোটি পেসো উত্তোলন করা হয়েছে।
ম্যানিলার মাকাতি সিটি প্রসিকিউটর অফিসে দায়ের করা উইলিয়াম সো গোর অভিযোগে মায়া ও অ্যাঞ্জেলাকে প্রতারক ও ধোঁকাবাজ হিসেবে বলা হয়েছে। ছয় পাতার এই অভিযোগপত্র দাখিল করা হয়েছে।

0 comments:
Post a Comment