সাবমেরিন যোগ হলেই ত্রিমাত্রিক বাহিনী হবে নৌবাহিনী

প্রধানমন্ত্রী

নৌবাহিনীতে দুটি সাবমেরিন যোগ হলে একে একটি ত্রিমাত্রিক বাহিনীতে রূপান্তরিত করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার সকালে চট্টগ্রামে নৌবাহিনীর ঘাঁটি বিএনএস ঈশা খাঁয়ে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র থেকে সংগৃহীত বানৌজা স্বাধীনতা, বানৌজা সমুদ্র অভিযান ও বানৌজা প্রত্যয়-এর কমিশনিং অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
শেখ হাসিনা বলেন, ‘এরই ধারাবাহিকতায় নারায়ণগঞ্জ শিপইয়ার্ডে নিজস্ব প্রযুক্তিতে সাবমেরিনের জন্য প্ল্যাটফর্ম তৈরি হচ্ছে। এছাড়া আমাদের সরকার নিজস্ব ব্যবস্থাপনায় দেশে যুদ্ধজাহাজ নির্মাণের কার্যক্রম হাতে নিয়েছে। ভবিষ্যতে চট্টগ্রাম ড্রাই ডকে যুদ্ধজাহাজ তৈরির পরিকল্পনাও গ্রহণ করা হয়েছে।’
তিনি আরো বলেন, ‘আমাদের সরকারের আমলে নৌবাহিনীতে মেরিটাইম হেলিকপ্টার এবং মেরিটাইম পেট্রল এয়ারক্রাফট সংযুক্ত হয়েছে। এর ফলে বাংলাদেশ নৌবাহিনী একটি দ্বি-মাত্রিক নৌবাহিনীতে পরিণত হয়েছে।’ নৌবাহিনীকে আধুনিকায়নের লক্ষ্যে আরো দুটি করভেট চীনে নির্মাণের কার্যক্রম শুরু হয়েছে বলেও তিনি জানান।
স্বাধীনতা পদক প্রাপ্তিতে প্রধানমন্ত্রী নৌবাহিনীর সদস্যদের অভিনন্দন জানান। তিনি বলেন, ‘মহান মুক্তিযুদ্ধে অসামান্য অবদান এবং দেশের জলসীমায় স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় নিরবচ্ছিন্ন দায়িত্ব পালনের জন্য এই বছর বাংলাদেশ নৌবাহিনী স্বাধীনতা পদক প্রাপ্তির জন্য মনোনীত হয়েছে। আমি নৌবাহিনীর সব সদস্যকে এ জন্য অভিনন্দন জানাচ্ছি।’
এর আগে প্রধানমন্ত্রী জাহাজের কমান্ডিং অফিসারের কাছে জাহাজের কমিশনিং ফরমান হস্তান্তর করেন।
প্রধানমন্ত্রী সকালে নৌবাহিনীর ঘাঁটি ঈশা খাঁয়ে পৌঁছালে নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল মোহাম্মদ নিজামুদ্দিন আহমেদ এবং চট্টগ্রাম অঞ্চলের কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আকতার হাবিব তাঁকে স্বাগত জানান।
অনুষ্ঠানে মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, তিন বাহিনীর প্রধান, উচ্চপর্যায়ের সামরিক ও বেসামরিক কর্মকর্তা এবং কূটনৈতিক মিশনের সদস্যরা উপস্থিত ছিলেন।
Share on Google Plus

0 comments:

Post a Comment