ড. আতিউরকে বলির পাঁঠা বানানো হয়েছে: খালেদা জিয়া


বিএনপির দলীয় কাউন্সিলের দ্বিতীয় অধিবেশনে সমাপনী বক্তব্যে খালেদা জিয়া বলেন, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ হ্যাক হয়নি, চুরি হয়েছে। কারা এর সঙ্গে জড়িত, তা পত্রিকা লিখলে গুম করে ফেলা হবে। তাই তারা রাঘব বোয়াল লিখছে। তিনি দাবি করেন, পদত্যাগী গভর্নর ড. আতিউর রহমানকে বলির পাঁঠা বানানো হয়েছে।
আজ শনিবার সকালে বিএনপির ষষ্ঠ জাতীয় কাউন্সিল অধিবেশনের উদ্বোধন করেন খালেদা জিয়া। দ্বিতীয় অধিবেশনে সমাপনী বক্তব্যও দেন তিনি।
খালেদা জিয়া বলেন, ‘সোশ্যাল মিডিয়াতে অনেক কিছু বের হয়েছে। আপনারা সেটা জানেন, পড়েছেন। আপনারা জানেন কে এর সঙ্গে জড়িত। সে জন্য বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান হাসিনাকে অবহিত করেছেন। কিন্তু হাসিনা এর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেননি।’ বাংলাদেশ ব্যাংকের গভর্নর বাধ্য হয়ে পদত্যাগ করেছেন এবং তাঁকে বলির পাঠা বানানো হয়েছে দাবি করে খালেদা জিয়া বলেন, ‘তিনি (আতিউর) কেঁদেছেন। কেঁদেছেন এ কারণে যে, ছেলে অপকর্ম করবে তার দায়ভার আরেকজনের ওপর দিয়ে বলির পাঠা বানানো হবে, চোখের পানি আসা স্বাভাবিক।’
​বিএনপির চেয়ারপারসন বলেন, শেখ হাসিনাকে বাদ দিয়েই ভবিষ্যতে নির্বাচন হবে। সে জন্য এখন থেকেই কাজ করতে হবে। তিনি বলেন, হাসিনা মার্কা নির্বাচন নয়, নিরপেক্ষ নির্বাচন হতে হবে। হাসিনা-মার্কা নির্বাচনে বিএনপি যাবে না।
খালেদা জিয়া জানান, এক মাসের মধ্যে তাঁরা ভিশন ২০৩০ চূড়ান্ত করে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত তুলে ধরবেন।
দলে যোগ্য ও পরিক্ষীতদের জায়গা দেওয়া হবে জানিয়ে খালেদা জিয়া বলেন, ১/১১ র সময় কিছু বেইমান বিএনপিতে ঢুকেছিল। এখনো বিএনপিতে বেইমান, মীর জাফর আছে—এটা স্বীকার করতে হবে। তাদের কারণে আন্দোলন সফল হয় না। আন্দোলন যখন তুঙ্গে ওঠে তখন তারা বেইমানি করে আন্দোলন ফলপ্রসূ হতে দেয় না।
Share on Google Plus

0 comments:

Post a Comment